সারাবিশ্ব
পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, প্রতিশোধ নেবে আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক হামলাকে ঘিরে। কাবুলে বিমান হামলার অভিযোগ তুলে এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার, জানিয়েছে প্রতিশোধ নেওয়ার কথা।
সোমবার (১৬ মার্চ) আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, রাজধানী কাবুলের একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন। তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তালেবানের শীর্ষ নেতারা। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে না। বরং এই হামলার জবাবে প্রতিশোধ নেওয়া হবে।
তিনি বলেন, এই হামলার পরিণতি পাকিস্তানকে ভোগ করতে হবে এবং হতাহতের প্রতিশোধ নিতে তালেবান প্রস্তুত রয়েছে।
এদিকে তালেবানের আরেক মুখপাত্র সুহেইল শাহীন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঘটনাটিকে “মানবতার বিরুদ্ধে অপরাধ” হিসেবে আখ্যা দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে এবং সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠার আশঙ্কা তৈরি হয়েছে।