সারাবিশ্ব
মধ্যপ্রাচ্যের সংঘাত সাড়ে ৪ কোটি মানুষকে তীব্র ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে: ডব্লিউএফপি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক খাদ্য সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি জুন পর্যন্ত চলতে থাকলে প্রায় ৪৫ মিলিয়ন মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডব্লিউএফপির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ এ তথ্য জানান।
তিনি বলেন, যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি তেল ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ে। এতে করে কোটি কোটি মানুষ নতুন করে খাদ্য সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।
কার্ল স্কাউ আরও জানান, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বে তীব্র ক্ষুধায় ভোগা মানুষের সংখ্যা ৩১৯ মিলিয়নের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।
ডব্লিউএফপি বলছে, সংঘাত দীর্ঘ হলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে এবং খাদ্যের দাম আরও বাড়বে, যা বৈশ্বিক মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে।