সারাবিশ্ব

ট্রাম্পের বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম

ট্রাম্পের বক্তব্যকে সন্দেহের চোখে দেখছে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনার দাবি করলেও তেহরান এ বিষয়ে স্পষ্ট সংশয় প্রকাশ করেছে। ইরানি কর্মকর্তারা বলছেন, এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা নতুন সমঝোতা শুরু হয়নি এবং ট্রাম্পের বক্তব্যকে তারা সন্দেহের চোখে দেখছেন।

সম্প্রতি ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জোরালো আলোচনা চলছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে উভয় পক্ষ অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, এই আলোচনা অব্যাহত থাকবে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক তার দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এ প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। এমনকি ফোনের মাধ্যমেও যোগাযোগ হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি, যদিও ইরানের কোন পর্যায়ের ব্যক্তির সঙ্গে আলোচনা হচ্ছে তা স্পষ্ট করেননি।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া এসেছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের বক্তব্যকে সরাসরি ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি বাজারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কিছু অনানুষ্ঠানিক যোগাযোগ বা মধ্যস্থতা থাকতে পারে, তবে তা এখনো আনুষ্ঠানিক সংলাপে রূপ নেয়নি। অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস এখনও কাটেনি, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের বিষয়ে তাদের সতর্কতা বেশি।

তবে ইসরায়েলের হারেৎজ পত্রিকার কলামিস্ট গিডিয়ন লেভি ভিন্ন মত দিয়েছেন। তার মতে, ট্রাম্পের বক্তব্য পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতি হতে পারে এবং আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও ওমানসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এসব আলোচনায় তিনি স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালী নিয়ে কোনো নতুন চুক্তি হয়নি এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখনো ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে।