সারাবিশ্ব
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ১২৫ আরোহীর মধ্যে নিহত ৩৪, বহু আহত
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আমাজন অঞ্চলে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাকবলিত বিমানে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য এবং ১১৪ জন সেনাসদস্য।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে এবং উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে এবং এখনো কিছু আরোহীর অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পর চিকিৎসা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে সহায়তা চাওয়া হয়েছে এবং আহতদের দ্রুত স্থানান্তরের জন্য সামরিক বাহিনীর একাধিক বিমান মোতায়েন করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে এটি কোনো হামলার ফল নয় বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।