সারাবিশ্ব
মন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, নিহত ১০
ভারতের মধ্যপ্রদেশে ছিন্দওয়াড়ায় জনসভা ছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের। সেই সভা শেষে ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নাগপুর রোডের সিমারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অজয় পান্ডে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে জানান বাসটি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত একটি জনসভা থেকে ফিরছিল। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং একটি শিশু রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশিস কুমার জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন।
আহতদের অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনে করে জেলা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।