সারাবিশ্ব

ইরান হামলা বন্ধ করলে কালই হরমুজ প্রণালী খুলবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

ইরান হামলা বন্ধ করলে কালই হরমুজ প্রণালী খুলবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহিত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘ইরান যদি বিশ্ব জাহাজ চলাচলে হুমকি দেওয়া বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী আগামীকালই খুলে যেতে পারে। আন্তর্জাতিক আইন নিয়ে যারা কথা বলে, তাদের এ বিষয়ে কিছু করা উচিত।’ 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রুবিও জানান, কয়েকটি মধ্যস্থতাকারী দেশ দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছে এবং কিছু অগ্রগতি হয়েছে। 

তিনি বলেন, ‘প্রণালী দিয়ে এখন আগের চেয়ে বেশি জ্বালানি যাচ্ছে। যতটা যাওয়ার কথা ততটা না, তবে কিছুটা বেড়েছে। বার্তা বিনিময়ের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া এখনো চলমান এবং আমরা এটি মিডিয়ার সামনে আলোচনা করব না।’ 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের খুব অল্প জ্বালানি হরমুজ প্রণালীর ওপর নির্ভর করে। বরং বিশ্বের অনেক দেশ এ পথের ওপর নির্ভরশীল, তাই তাদেরই বেশি উদ্যোগ নেওয়া উচিত। 

রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে কি না- এমন প্রশ্নে্র জবাবে রুবিও বলেন, মস্কো এখন মূলত ইউক্রেন যুদ্ধ নিয়েই ব্যস্ত। শুক্রবার ফ্রান্সে জি-৭ বৈঠকে রুবিওর মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে ফেব্রুয়ারির শেষ থেকে হরমুজ প্রণালীতে বড় ধরনের সংকট তৈরি হয়। এর ফলে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহে প্রভাব পড়ে এবং তেলের দাম দ্রুত বেড়ে যায়।