সারাবিশ্ব

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা
ছবি: সংগৃহীত

ইসরাইলে চলমান ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে জরুরি সাইরেনকে কাজে লাগিয়ে বিল পরিশোধ এড়িয়ে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু ব্যক্তি শপিং মল ও রেস্তোরাঁয় খাবার গ্রহণের পর ইচ্ছাকৃতভাবে সাইরেন বাজার অপেক্ষায় থাকেন। সাইরেন বাজলে সবাই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে গেলে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে তারা বিল না দিয়েই সেখান থেকে বেরিয়ে যান।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলে সাইরেন প্রায় নিয়মিত শোনা যাচ্ছে। ফলে এই পরিস্থিতিকে ব্যবহার করে এমন প্রতারণামূলক আচরণ বাড়ছে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, জরুরি সতর্কতা সংকেতের এ ধরনের অপব্যবহার শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং সংকটকালীন শৃঙ্খলা ও নিরাপত্তাকেও ব্যাহত করছে।

যদিও এখনো পর্যন্ত এ ধরনের ঘটনার কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তথাপি ক্ষেপণাস্ত্র হামলায় বেশি আক্রান্ত এলাকাগুলোতে এই প্রবণতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধকালীন এই নতুন সমস্যাটি তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।