সারাবিশ্ব
চুরি গেল ১২ টন কিটক্যাট চকলেট, ট্রাকসহ উধাও পুরো চালান
ইউরোপে চাঞ্চল্যকর এক ঘটনায় প্রায় ১২ টন ওজনের কিটক্যাট চকলেটের একটি বিশাল চালান ট্রাকসহ চুরি হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সুইস খাদ্যপণ্য জায়ান্ট নেসলে।
কোম্পানির তথ্যমতে, নতুন চকলেট সিরিজের প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার বহনকারী ট্রাকটি ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু যাত্রাপথেই সেটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত ট্রাক বা পণ্যসামগ্রীর কোনো সন্ধান মেলেনি।
নেসলে এখনো প্রকাশ করেনি ঠিক কোন স্থানে ট্রাকটি নিখোঁজ হয়েছে। এতে করে পুরো ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রতিটি কিটক্যাট বারে থাকা ইউনিক ব্যাচ কোডের মাধ্যমে চুরি হওয়া পণ্য শনাক্ত করা সম্ভব। ফলে এগুলো বাজারে বিক্রি হলে তা ট্র্যাক করা যাবে।
একজন মুখপাত্র মজার ছলে বলেন, “আমরা সবসময় মানুষকে কিটক্যাটের সঙ্গে একটু বিরতি নিতে বলি। কিন্তু মনে হচ্ছে চোরেরা বিষয়টি খুব আক্ষরিকভাবে নিয়েছে- ১২ টনের বেশি চকলেট নিয়ে সত্যিই ‘ব্রেক’ নিয়ে ফেলেছে!”
এই ঘটনার ফলে ইউরোপের কিছু দেশে কিটক্যাটের সাময়িক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে কোম্পানিটি। পাশাপাশি তারা সতর্ক করেছে-চুরি হওয়া চকলেট ‘অননুমোদিত বিক্রয় চ্যানেলে’ ঢুকে পড়তে পারে।
নেসলে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে কার্গো চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীরা আরও আধুনিক ও জটিল কৌশল ব্যবহার করছে, যা বড়-ছোট সব ব্যবসার জন্যই ঝুঁকি তৈরি করছে।
কোম্পানিটি বলছে, এই ঘটনা সামনে আনার উদ্দেশ্য শুধু চকলেট উদ্ধার নয়-বরং বিশ্বজুড়ে বাড়তে থাকা কার্গো চুরির প্রবণতা সম্পর্কে সচেতনতা তৈরি করা।