সারাবিশ্ব
জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ায় গণপরিবহন ভাড়া মওকুফ
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহনে ভাড়া মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্য সরকার সাময়িকভাবে এই উদ্যোগ নিয়েছে, যাতে নাগরিকদের বাড়তি ব্যয় কিছুটা কমানো যায়।
জানা গেছে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এ পথে তেল সরবরাহ কমে যাওয়ায় অস্ট্রেলিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানির দাম দ্রুত বেড়েছে। দেশটিতে পেট্রোলের দাম গড়ে ১.৭০ ডলার থেকে বেড়ে কিছু এলাকায় প্রায় ২.৫০ ডলারে পৌঁছেছে।
ভিক্টোরিয়া রাজ্যে ৩১ মার্চ থেকে এক মাসের জন্য ট্রেন, ট্রাম ও বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ এটিকে একটি অস্থায়ী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এর মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে নাগরিকদের খরচ হ্রাসে সহায়তা করা হবে।
অন্যদিকে, তাসমানিয়ায় ৩০ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বাস ও ফেরি পরিষেবায় ভাড়া নেওয়া হবে না। রাজ্য সরকার আশা করছে, এতে গণপরিবহন ব্যবহারে মানুষের আগ্রহ বাড়বে।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান বলেন, এই উদ্যোগ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে এবং জ্বালানির বাড়তি চাপ সামাল দিতে কিছুটা স্বস্তি দেবে। একইসঙ্গে তিনি এটিকে সাময়িক সমাধান উল্লেখ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান।
তাসমানিয়ার প্রিমিয়ার জেরেমি রকলিফ জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে ইতোমধ্যে গণপরিবহনে যাত্রীসংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে প্রায় ২০ শতাংশ বেশি মানুষ গণপরিবহন ব্যবহার করেছেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে অতিরিক্ত কেনাকাটার কারণে দেশের কিছু জ্বালানি স্টেশনে সরবরাহ সংকট দেখা দিয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। পরিস্থিতি মোকাবিলায় সরকার নিজস্ব মজুত থেকে পেট্রোল ও ডিজেল সরবরাহ শুরু করেছে, যাতে কৃষি, খনি ও গ্রামীণ অর্থনীতিতে প্রভাব কমানো যায়।
সূত্র: স্কাই নিউজ।