সারাবিশ্ব
ইরানের পক্ষ হয়ে লড়াই করবে রাশিয়ার চেচেন যোদ্ধারা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ আখ্যা দিয়ে দেশটির পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে চেচেন বাহিনী। বিশ্বজুড়ে গেরিলা কৌশলে দক্ষ হিসেবে পরিচিত এই বাহিনী যুদ্ধটিকে ‘জিহাদ’ হিসেবেও উল্লেখ করেছে।
রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়া–ভিত্তিক এই আধাসামরিক বাহিনী মূলত চেচেন নেতা রমজান কাদিরভ–এর অনুগত। তার নেতৃত্বাধীন ‘কাদিরোভতসি’ ইউনিট দীর্ঘদিন ধরে বিভিন্ন সংঘাতে রাশিয়ার পক্ষে অংশ নিয়ে আসছে।
চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’-এর কমান্ডার আপতি আলাউদিনভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রাশিয়ার অনুমতি পেলে তাদের যোদ্ধারা দ্রুত ইরানে গিয়ে যুদ্ধ অংশ নিতে প্রস্তুত। ড্রোন পরিচালনা, স্নাইপার অপারেশন এবং শহরভিত্তিক যুদ্ধে এই বাহিনীর বিশেষ দক্ষতা রয়েছে বলে জানা যায়।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ–এও এই চেচেন ইউনিট রাশিয়ার হয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে, তাদের যুদ্ধ অভিজ্ঞতা ইরান পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কড়া সমালোচনা করে চেচেন পক্ষ জানিয়েছে, আধুনিক অস্ত্রসহ তারা ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত। একইসঙ্গে মুসলিম বিশ্বকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কাদিরভ।
বিশ্লেষকদের ধারণা, সরাসরি যুদ্ধে জড়ানো ছাড়া ইরানকে সহায়তা দেওয়ার একটি কৌশলগত ইঙ্গিত হতে পারে এই ঘোষণা। এতে রাশিয়া পরোক্ষভাবে তাদের মিত্রকে সমর্থন দিচ্ছে বলেও মনে করা হচ্ছে।