সারাবিশ্ব

আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি: ইরানের রাষ্ট্রদূত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি: ইরানের রাষ্ট্রদূত
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের জ্বালানি তেলবাহী ৬টি জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই।
 
আজ বুধবার (০১ এপ্রিল) ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান। 

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।’

তিনি আরও জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।’