সারাবিশ্ব
হরমুজ প্রণালি থেকে ইরানকে টোল নিতে দেওয়া হবে না, টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে ইরান-এর পরিকল্পনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানকে কোনোভাবেই এই প্রণালি থেকে টোল আদায় করতে দেওয়া হবে না। প্রয়োজনে যুক্তরাষ্ট্রই সেখানে টোল আদায়ের দায়িত্ব নেবে।
তিনি আরও দাবি করেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ও আধিপত্য রয়েছে এবং তারা নিজেদের “বিজয়ী” উল্লেখ করে বলেন, টোল আদায়ের অধিকার তাদেরই থাকা উচিত। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়ন করতে গেলে প্রণালিতে সামরিক উপস্থিতি জোরদার করা লাগতে পারে।
এদিকে ইরানকে উদ্দেশ্য করে আরও কড়া হুঁশিয়ারি দেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে দেশটিকে “এক রাতেই ধ্বংস করে দেওয়া হতে পারে” বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় সোমবার দেওয়া বক্তব্যে তিনি জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে চুক্তিতে আসতে হবে।
অন্যদিকে, ইরান এ চাপ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। স্থায়ীভাবে হামলা বন্ধ এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয় বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে। তবে পরবর্তীতে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।