সারাবিশ্ব
ইরানজুড়ে ব্যাপক হামলা, নিহত ১৫
ইরানের বিভিন্ন স্থানে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, পূর্ব তেহরানের পারদিস শহরে একটি ভবনে হামলার পর ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে পশ্চিম তেহরান প্রদেশের শাহরিয়ার এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে হামলায় আরও নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার ইঙ্গিত দেন এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।
জানা গেছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা টানা ৩৯ দিন ধরে চলছে। এতে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাসহ বহু মানুষের হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।