সারাবিশ্ব

হরমুজ প্রণালিতে টোল আদায় করবে ইরান-ওমান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

হরমুজ প্রণালিতে টোল আদায় করবে ইরান-ওমান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতার ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের অনুমতি পেয়েছে ইরান ও ওমান।

মার্কিন বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবেই পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জলপথে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের বিষয়টি স্বীকৃতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, টোল থেকে প্রাপ্ত অর্থ ইরান পুনর্গঠন কাজে ব্যয় করার পরিকল্পনা করছে। তবে ওমান কীভাবে এই অর্থ ব্যবহার করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে বাংলাদেশ সময় বুধবার (৮ এপ্রিল) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান সাময়িকভাবে দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে।

এই অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।