সারাবিশ্ব

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। ছবি: সংগৃহীত

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনএফআইসিওয়াইপি)-এর ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ঘোষণায় এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরি-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, তিন দশকের বেশি সময়ের সামরিক অভিজ্ঞতা নিয়ে মিনহাজুল আলম এ দায়িত্ব গ্রহণ করছেন। তার নেতৃত্ব ও কমান্ড দক্ষতা মিশনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দেন এবং কক্সবাজার অঞ্চলে বিভিন্ন সামরিক অপারেশন তদারকি করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গোয়েন্দা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন।