সারাবিশ্ব

সৌদি আরবের পাইপলাইনে হামলা, বিশ্বে পুনরায় জ্বালানি সংকট বাড়ার আশঙ্কা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

সৌদি আরবের পাইপলাইনে হামলা, বিশ্বে পুনরায় জ্বালানি সংকট বাড়ার আশঙ্কা
ছবিঃ সংগৃহিত

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলার ফলে দেশটির রপ্তানি সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আঘাতের কারণে মোট তেল রপ্তানির প্রায় ১০ শতাংশ সক্ষমতা নষ্ট হয়েছে বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। 

গতকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামলায় পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহণের সক্ষমতা হারিয়েছে সৌদি আরব। এই পাইপলাইনটি বৈশ্বিক বাজারে তেল সরবরাহের একটি প্রধান বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ইরান যখন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নিয়ে জাহাজ চলাচল সীমিত করে, তখন এই পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়ে যায়। এটি সৌদি আরবের পূর্ব উপকূল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহণের সুযোগ করে দেয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ প্ল্যান্টেও হামলা হয়েছে। যার ফলে প্রতিদিন প্রায় ছয় লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা কমেছে। পাশাপাশি জুবাইল, রাস তানুরা, ইয়ানবু ও রিয়াদের বড় পরিশোধনাগারেও আঘাত হানার কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি করেছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে তেলের সরবরাহে ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে পুনরায় অস্থিরতা বাড়তে পারে।

সূত্র: মিডল ইস্ট আই