সারাবিশ্ব
ইরানকে অস্ত্র সহায়তা দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প
ইরানকে অস্ত্র সরবরাহ করলে চীনকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এই তথ্য সত্য প্রমাণিত হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যায় পড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে—চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার সামরিক সক্ষমতা আবারও জোরদার করার চেষ্টা করছে।
এদিকে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এ ইস্যু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।