সারাবিশ্ব

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না আমি: পোপ লিও


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না আমি: পোপ লিও
পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, গির্জার মূল কাজ রাজনীতি করা নয়; বরং শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।

আলজেরিয়া সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কোনো রাজনৈতিক চাপ বা সমালোচনায় তিনি বিচলিত নন। তার ভাষায়, ট্রাম্প প্রশাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তিনি তার ধর্মীয় দায়িত্ব পালন করে যাবেন।

পোপ লিও চতুর্দশ বলেন, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও তিনি নিজেকে একজন শান্তির দূত হিসেবে দেখেন এবং সুসমাচারের বাণীতেই আস্থা রাখেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুত আলোচনায় আসে। এর আগে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।