সারাবিশ্ব
যিশু রূপে নিজের ছবি, সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যমে যিশুর আদলে নিজের একটি ছবি প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে সেটি সরিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১২ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ছবিটি প্রকাশ করেন। তবে ব্যাপক সমালোচনার পর সোমবার সেটি মুছে ফেলা হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই ছবিতে ট্রাম্পকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রাখতে দেখা যায়, যা অনেকের কাছে যিশু খ্রিস্ট-এর নিরাময়ের দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে। এ কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নানা মহলে প্রতিক্রিয়া তৈরি হয়।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন ছবিটি তাকে একজন চিকিৎসক বা রেড ক্রসের কর্মী হিসেবে উপস্থাপন করবে। তিনি আরও দাবি করেন, এটি রেড ক্রসের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতীকী চিত্র ছিল, যাকে তিনি সমর্থন করেন।
ছবিটি প্রকাশের আগে ট্রাম্প আরেকটি পোস্টে পোপের সমালোচনা করেন। তিনি পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘বৈদেশিক নীতিতে জঘন্য’ বলে মন্তব্য করেন, যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।