সারাবিশ্ব

মার্কিন অবরোধ অমান্য করে ২৫টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পাড়ি দিয়েছে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

মার্কিন অবরোধ অমান্য করে ২৫টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পাড়ি দিয়েছে
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, অবরোধ শুরুর পর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত ২৫টি জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, পার হওয়া জাহাজগুলোর মধ্যে চারটি তেলবাহী ট্যাঙ্কারও ছিল। এসব জাহাজের মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘ক্রিশ্চিয়ানা’, নিষেধাজ্ঞাভুক্ত ‘রিচ স্টারি’ ও ‘মুরলীকিষাণ’ এবং পানামার পতাকার ‘পিস গালফ’ উল্লেখযোগ্য।

তবে এসব ট্যাঙ্কারের কয়েকটিকে গোয়াদর উপসাগর ও রাস আল হাদ্দ অঞ্চলের কাছে মার্কিন অবরোধ লাইনের সামনে থেমে থাকতে দেখা গেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গোয়াদর উপসাগর থেকে ওমান উপকূলের রাস আল হাদ্দ পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অবরোধ কার্যকর করেছে। এর ফলে পারস্য উপসাগরের ভেতরে প্রায় দুই হাজার জাহাজ আটকে রয়েছে এবং আরও প্রায় ৪০০ জাহাজ প্রবেশের অপেক্ষায় আছে।

শিপিং পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ট্যাঙ্কার ট্রাফিক জানিয়েছে, অনেক জাহাজ নিজেদের অবস্থান ও পরিচয় গোপন রাখতে ভুয়া অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সিগন্যাল ব্যবহার করছে।

উল্লেখ্য, ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার থেকে এই অবরোধ কার্যকর করার নির্দেশ দেন।