সারাবিশ্ব

আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম

আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান
ছবি: সংগৃহীত

কারাগারে নিজের ওপর চাপ সৃষ্টি করতে স্ত্রীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, তাকে নতি স্বীকার করাতে স্ত্রী বুশরা বিবি-কে বিচ্ছিন্ন অবস্থায় রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) ইমরান খানের বোন আলিমা খানম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, ইমরান খান ও তার স্ত্রীকে ‘নিষ্ঠুর’ পরিবেশে একাকী কারাবাসে রাখা হয়েছে।

আলিমা খানম অভিযোগ করেন, ইসলামাবাদ হাইকোর্ট ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি বিলম্বিত করছে, যাতে কারাবাস দীর্ঘায়িত হয়। তার দাবি, এই পরিস্থিতির মাধ্যমে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের বরাত দিয়ে তিনি জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় জনসম্মুখের বাইরে রেখে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে, যাতে ইমরান খান সরকারের সাথে সমঝোতায় যেতে বাধ্য হন। তবে ইমরান খান স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কোনো ধরনের আপস করবেন না।

এদিকে তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেল-এ বন্দী থাকা ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে।

এর আগে তার পরিবার অভিযোগ করেছিল, বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসীম মুনির-এর বিরুদ্ধে তাকে পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা চলছে।

এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।