সারাবিশ্ব

শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধ শক্তি নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ নেতা মোজতবা খামেনি। তিনি জানিয়েছেন, যেকোনো আগ্রাসনের জবাবে শত্রুপক্ষকে কঠোরভাবে মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–কে লক্ষ্য করে এই সতর্কবার্তা দেন। বক্তব্যে তিনি এই দুই দেশকে ‘অবিশ্বাসী’ ও ‘চরমপন্থী’ হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত বার্তায় তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি ইতোমধ্যে প্রতিপক্ষের দুর্বলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। বিশেষ করে ড্রোন সক্ষমতার মাধ্যমে শত্রুদের ওপর আকস্মিক ও শক্তিশালী আঘাত হানার সক্ষমতার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেকোনো ধরনের হুমকির জবাবে ইরানের নৌবাহিনী আরও শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল তেহরান।