সারাবিশ্ব
সাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় হঠাৎ বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠানের মাঝেই আকস্মিক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ওয়াশিংটন হিলটন হোটেলে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।
পরে অবশ্য সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প।
এদিকে হোয়াইট হাউসের একজন সহকারী জানান, ট্রাম্প নিরাপদে আছেন।
ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত ব্যক্তিরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন এবং কেউ কেউ অন্যদের নিচু হয়ে থাকতে সতর্ক করছেন।
পরবর্তীতে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অনুষ্ঠানটি পুনরায় শুরু করা হবে এবং বিস্তারিত পরে জানানো হবে।