সারাবিশ্ব

ট্রেনে ভয়াবহ আগুন, আতঙ্কে ঝাঁপ দেন অনেক যাত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

ট্রেনে ভয়াবহ আগুন, আতঙ্কে ঝাঁপ দেন অনেক যাত্রী
ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদ থেকে চেন্নাইগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে তেলেঙ্গানার যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। চারমিনার এক্সপ্রেস ট্রেনের এস-৫ কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে লোকো পাইলট সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে চলন্ত ট্রেন থেকেই রেললাইনে ঝাঁপ দেন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি।

এক যাত্রী জানান, প্রথমে তারা পোড়া গন্ধ অনুভব করলেও বিষয়টি বুঝতে পারেননি। পরে ধোঁয়া পুরো কামরায় ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয় এবং যাত্রীরা চিৎকার করতে থাকেন। অনেকে দরজা দিয়ে দ্রুত নামতে শুরু করেন।

ট্রেনটি স্টেশনের কাছাকাছি থাকায় দ্রুত থামানো সম্ভব হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো কামরায় ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

খবর পেয়ে রেল কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো ব্যবস্থা নেওয়ায় একটি বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।