সারাবিশ্ব

ক্ষমতার শীর্ষে থেকেও আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন মার্কিন ৪ প্রেসিডেন্ট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম

ক্ষমতার শীর্ষে থেকেও আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন মার্কিন ৪ প্রেসিডেন্ট
ছবিঃ সংগৃহিত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় ৪ জন প্রেসিডেন্ট আততায়ীর হামলায় নিহত হয়েছেন। এছাড়া আরও অনেক প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে মারাত্মক সব প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছেন। ১৮৩৫ সালে প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরেছিলেন অ্যান্ড্রু জ্যাকসন। তবে এর ঠিক ৩০ বছর পর আততায়ীর গুলিতে প্রাণ হারান আব্রাহাম লিংকন। 

সবশেষ গতকাল শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চেষ্টার ঘটনা ঘটেছে। তিনি সুস্থ ও নিরাপদে আছেন। 
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট হত্যার শিকার হয়েছিলেন। এছাড়া আরও অনেক প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে মারাত্মক সব প্রাণঘাতী হামলার মুখোমুখি হয়েছেন।

হামলার শিকার ৪ প্রেসিডেন্ট- 

আব্রাহাম লিঙ্কন: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্তহত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহম লিঙ্কন। ১৮৬৫ সালে ওয়াশিংটন ডিসির ফোর্ডস থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়।

জেমস গারফিল্ড: ১৮৮১ সালে ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় তিনি নিহত না হলেও একমাস পর আঘাতের প্রতিক্রিয়ায় নিউজার্সিতে মারা যান।

উইলিয়াম ম্যাককিনলে: ১৯০১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজলগোস নামের এক নৈরাজ্যবাদী তাকে হত্যা করেন। তার এ হত্যাকারী বাফেলোতে থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জন এফ কেনডি: ১৯৬৩ সালের নভেম্বরে ডালাসে স্নাইপারের গুলিতে প্রেসিডেন্ট জন এফ কেনডি নিহত হন। লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় শুরু থেকেই প্রেসিডেন্টদের হত্যার ষড়যন্ত্র হয়ে আসছে। থিওডোর রুজভেল্ট ও ফ্রাঙ্কলিন রুজভেল্ট থেকে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা দেখা গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় রয়েছে বিশেষ বাহিনী। সিক্রেট সার্ভিস নামে গঠিত ওই বাহিনীর মাধ্যমে প্রেসিডেন্টদের নিরাপত্তা দেওয়া হয়। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আজীবন তাদের এই বাহিনী নিরাপত্তা দেয়। বিশেষায়িত এই বাহিনীর নিরাপত্তা সত্ত্বেও হত্যাচেষ্টা করা হয়েছে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টকে।