সারাবিশ্ব

প্রতারণার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ এএম

প্রতারণার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

প্রতারণামূলক বিজ্ঞাপনের মাধ্যমে বিপুল অর্থ আয়ের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মামলা দায়ের করা হয়েছে।

আইন সংস্থা টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি এবং টেক জাস্টিস ল যৌথভাবে এ মামলা করে। মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীদের প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্ত করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বড় অঙ্কের অর্থ আয় করে আসছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। এতে আরও বলা হয়, ব্যবহারকারীরা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে তুলনামূলক বেশি অর্থ নেওয়া হলেও ব্যবহারকারীদের করা প্রতারণাসংক্রান্ত ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

মামলাকারী পক্ষের দাবি, মেটা একদিকে প্রতারণা প্রতিরোধের কথা বললেও অন্যদিকে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের কার্যক্রম চালানোর সুযোগ করে দিয়েছে। তাদের মতে, এটি কেবল একটি দুর্বলতা নয়, বরং প্রতারণাভিত্তিক একটি ব্যবসায়িক পদ্ধতি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারা আদালতে এ বিষয়ে লড়াই করবে।

তিনি আরও বলেন, ব্যবহারকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রতারণা দমনে কাজ করছে। গত বছর ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে, যার ৯২ শতাংশই কোনো অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়েছে। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতারণা চক্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১ কোটি ৯০ লাখ হিসাব বন্ধ করা হয়েছে।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এর ফলাফল অনলাইন বিজ্ঞাপন খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ম্যাশেবল