সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে চলছে হাইভোল্টেজ লড়াই


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে চলছে হাইভোল্টেজ লড়াই
ছবি: সংগৃহীত

পাঁচ বছর পর আবারও রাজনৈতিক উত্তেজনায় সরগরম পশ্চিমবঙ্গ। রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে।

স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ধাপে মোট ১৪২টি আসনে ভোট হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৪৪৮ জন প্রার্থী এবং ভোটাধিকার প্রয়োগ করছেন ৩ কোটি ২১ লাখের বেশি ভোটার।

কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একযোগে ভোটগ্রহণ চলছে। এসব এলাকাকে কেন্দ্র করে নির্বাচনী উত্তেজনা এখন তুঙ্গে।

২০২১ সালের নির্বাচনের ফলাফলে এই ১৪২টি আসনের মধ্যে ১২৩টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল ১৮টি আসন।

গত নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে আলোচনায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে আবারও দুই শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

এবারের ভোটে ভবানীপুর আসনকে অন্যতম আলোচিত কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে।

এর আগে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোট হয়। রাজ্যের নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ৪ মে ফলাফল ঘোষণার মাধ্যমে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।