সারাবিশ্ব

তৃণমূল ২০০-এর বেশি আসনে জিতবে: মমতা বন্দ্যোপাধ্যায়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৪৯ পিএম

তৃণমূল ২০০-এর বেশি আসনে জিতবে: মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতে আর এক দিন বাকি। আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হবে ফল গণনা।

রবিবার ২৯৪টি কেন্দ্রের গণনা এজেন্টদের নিয়ে প্রায় তিন ঘণ্টার ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে এজেন্টদের মনোবল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল এবার ২০০-এর বেশি আসনে জয়ী হয়ে পুনরায় সরকার গঠন করবে। তিনি এজেন্টদের নির্দেশ দেন, ফল ঘোষণার আগে পর্যন্ত কেউ যেন গণনাকেন্দ্র না ছাড়ে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সতর্কতার পরামর্শ দেন। তিনি এজেন্টদের বলেন, ইভিএম আনার পর ফরম ১৭-সি’র তথ্যের সঙ্গে সিরিয়াল নম্বর মিলিয়ে দেখতে হবে এবং অসঙ্গতি থাকলে মেশিন খুলতে দেওয়া যাবে না।

তিনি আরও অভিযোগ করেন, অতীত অভিজ্ঞতার আলোকে গণনাকেন্দ্রে নানা ধরনের অনিয়মের চেষ্টা হতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্ক থাকার জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সব মিলিয়ে ভোট গণনার আগে তৃণমূল নেতৃত্ব আত্মবিশ্বাসী অবস্থান নিয়েছে এবং ফল ঘোষণার দিন পর্যন্ত সংগঠিতভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন।