সারাবিশ্ব

কেনিয়ায় বৃষ্টি ও ভূমিধসের তাণ্ডব, প্রাণহানি বেড়ে ১৮


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:১০ পিএম

কেনিয়ায় বৃষ্টি ও ভূমিধসের তাণ্ডব, প্রাণহানি বেড়ে ১৮
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রোববার (৩ মে) স্থানীয় প্রশাসন জানায়, থারাকা নিথি, এলজিও-মারাকওয়েট ও কিয়াম্বু কাউন্টিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিধস ও কাদার স্রোতে বহু বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানী নাইরোবির বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার তারা সড়ক সংস্কার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন।

আবহাওয়া বিভাগ আগেই সতর্ক করে জানিয়েছিল, অতিবৃষ্টির কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে এবং কৃষিখাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত দুই মাসের কম সময়ের মধ্যে এটি দেশটিতে দ্বিতীয় বড় বন্যা পরিস্থিতি। এর আগে মার্চ মাসে নাইরোবিতে বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পূর্ব আফ্রিকার দেশগুলোতে বন্যা ও খরার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে, যা জনজীবনে গভীর প্রভাব ফেলছে।

সূত্র: আল–জাজিরা