সারাবিশ্ব

জয়ের পথে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবীর 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:০৪ পিএম

জয়ের পথে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবীর 
ছবিঃ সংগৃহিত

তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর এবার পশ্চিমবঙ্গের রেজিনগর ও নওদা উভয় আসন থেকেই জয়ের পথে রয়েছেন। নিজের নবগঠিত দল 'আম জনতা উন্নয়ন পার্টি'র হয়ে লড়ে ভোট গণনায় এগিয়ে থাকার পর নিজের সাবেক দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছেন তিনি। 

বিপুল ব্যবধানে এগিয়ে থেকে সংবাদমাধ্যমকে হুমায়ুন কবীর বলেন, তৃণমূলের হারার ব্যাপারে আমি আর কী বলতে পারি? যা হচ্ছে তা ভালো। এটিই হওয়ার কথা ছিল। মমতা ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি তার ভাইয়ের ছেলেকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছিলেন। তারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ লুট করেছে। গত ১৫ বছরে তৃণমূল যে পরিমাণ লুটপাট করেছে, তা ব্রিটিশদের ১০০-২০০ বছরের লুটকেও ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে যোগ্য জবাব দিয়েছে, আমি তাদের শুভেচ্ছা জানাই।'

নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই নেতা আরও বলেন, 'আমি দুটি আসনে নির্বাচন করেছি এবং দুটি আসনেই জিতব। দুপুর ৩টার দিকে জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব।'  

প্রসঙ্গত, গত বছর মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন হুমায়ুন কবীর। এই ঘটনার পরেই তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বহিষ্কৃত হওয়ার পরও গত ২০২৫ সালের ৬ ডিসেম্বর, ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে স্মরণ করে তিনি মুর্শিদাবাদে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপরই তিনি নিজের নতুন দল 'আম জনতা উন্নয়ন পার্টি' গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।