সারাবিশ্ব
তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সমর্থন দিচ্ছে কংগ্রেস
ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দক্ষিণী তারকা থালাপতি বিজয়র নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্য সাফল্য পেলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এ অবস্থায় টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এ বিষয়ে অনুমোদন দিয়েছে। কংগ্রেসের এমপি শশিকান্ত সেন্টিল বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র অনুযায়ী, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশ শুরু থেকেই টিভিকেকে সমর্থনের পক্ষে ছিল। তবে সিদ্ধান্ত গ্রহণে অভ্যন্তরীণ মতপার্থক্যও ছিল, যেখানে রাজ্য পর্যায়ের কমিটিকে গুরুত্ব দেওয়ার মতামত উঠে আসে।
সমর্থনের শর্ত হিসেবে কংগ্রেস জানিয়েছে, টিভিকে যেন ভবিষ্যতে এনডিএ বা তার কোনো শরিক দল, বিশেষ করে এআইএডিএমকে-এর সঙ্গে জোটে না যায়।
এদিকে সরকার গঠনের প্রক্রিয়ায় পরবর্তী ধাপে বিজয়কে রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি পেশ করতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পথ উন্মুক্ত হবে।
নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় থালাপতি বিজয় বলেন, নানা চ্যালেঞ্জ ও সমালোচনা অতিক্রম করে জনগণের সমর্থনে তারা এই অবস্থানে পৌঁছেছেন। তিনি এই ফলাফলকে শুধু দলের নয়, গণতন্ত্রেরও জয় হিসেবে উল্লেখ করেন এবং তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।