সারাবিশ্ব
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নজরদারিতে, কাছে গেলেই উড়িয়ে দেব: ট্রাম্প
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ওপর যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনার কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
রোববার (১০ মে) প্রচারিত এক মার্কিন টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়। তার ভাষ্য অনুযায়ী, পুরো এলাকা বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর কঠোর পর্যবেক্ষণে রয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা চাইলে যেকোনো সময় সেটা নিয়ন্ত্রণে নিতে পারব। পুরো পরিস্থিতি আমাদের নজরদারির মধ্যে আছে।”
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “কেউ যদি ওই স্থাপনাগুলোর কাছাকাছি যায়, আমরা তা সঙ্গে সঙ্গে জানতে পারব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ এখনো দেশটির অভ্যন্তরে সংরক্ষিত রয়েছে।
এর আগে একাধিকবার ট্রাম্প দাবি করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে মন্তব্য করেন তিনি।