সারাবিশ্ব

শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত ৫৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৩০ পিএম

শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত ৫৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়, বজ্রপাত ও অকাল ভারি বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও প্রতাপগড় জেলা।

বুধবার (১৩ মে) রাতভর চলা ঝড়-বৃষ্টিতে বহু গাছ উপড়ে যায়, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে ৫ জন এবং প্রতাপগড়ে ৪ জন মারা গেছেন। এছাড়া চন্দৌলি ও কুশীনগরে দুজন করে এবং সোনভদ্রে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কানপুর দেহাত ও দেওরিয়াতেও বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

প্রয়াগরাজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হান্ডিয়া এলাকায়। সেখানে সাতজন নিহত হন। এছাড়া ফুলপুর, সোরাঁও, মেজা ও সদর এলাকাতেও প্রাণহানির ঘটনা ঘটে। অধিকাংশ মানুষ গাছচাপা পড়ে, দেয়াল ধসে অথবা বজ্রপাতে মারা গেছেন।

ভাদোহি জেলায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে অসংখ্য গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ফতেহপুর জেলায় নিহতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। খাগা তহসিলে আটজন এবং সদর এলাকায় দেয়াল ধসে আরও একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

প্রতাপগড়েও ঝড়-বৃষ্টির মধ্যে দেয়াল ও সিমেন্টের ছাউনি ধসে চারজন মারা যান। অন্যদিকে কানপুর দেহাতে বজ্রপাতে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দেওরিয়াতেও বজ্রাঘাতে দুজন প্রাণ হারিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন এবং জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমের এ সময়ে এমন তীব্র ঝড় ও বজ্রপাত অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: পিটিআই