সারাবিশ্ব
বেইজিং ছাড়ার আগে চীনের দেওয়া সব উপহার ডাস্টবিনে ফেলে দিল ট্রাম্পের টিম
ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা চীনা কর্মকর্তাদের দেওয়া সব ধরনের উপহার ফেলে দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে পরিচয়পত্র, বার্নার ফোন ও বিশেষ পিনসহ বিভিন্ন উপকরণ ছিল।
প্রতিবেদনে বলা হয়, বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে এসব সামগ্রী সংগ্রহ করে একটি বিনে ফেলে দেওয়া হয়। চীনা পক্ষ থেকে দেওয়া কোনো উপহারই বিমানে নেওয়ার অনুমতি ছিল না।
শুক্রবার বেইজিং সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প। বিদায়ের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা হাতে শিক্ষার্থীরা তাকে বিদায় জানায়। বিমানবন্দরে ওঠার আগে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
তিন দিনের এই সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানানো হয়।
তবে সফর শেষে বড় ধরনের কোনো বাণিজ্য চুক্তি বা ইরান ইস্যুতে নির্দিষ্ট সহযোগিতার ঘোষণা আসেনি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। একই সঙ্গে তাইওয়ান ইস্যুতে সতর্ক অবস্থানের বার্তাও দেন শি জিনপিং।
এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২০ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ নিশ্চিত করা হয়নি।
সূত্র: দ্য ডেইলি এক্সপ্রেস