সারাবিশ্ব

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সতর্কতা জারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪৭ পিএম

ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) ও উগান্ডায় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে ঘিরে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য জরুরি উদ্বেগ তৈরি করেছে এবং প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

রোববার (১৭ মে) এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, বান্ডিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের এই সংক্রমণ এখনও বৈশ্বিক মহামারির পর্যায়ে না পৌঁছালেও এর বিস্তার দ্রুত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া, রোয়ামপারা ও মংবওয়ালুসহ অন্তত তিনটি স্বাস্থ্য অঞ্চলে এ পর্যন্ত আনুমানিক ৮০ জনের মৃত্যু হয়েছে। ল্যাব পরীক্ষায় ৮ জনের শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও ২৪৬ জনকে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্বাঞ্চলে নতুন এই প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা ৮০ জন বলে জানায়। ১৯৭৬ সালে প্রথম ইবোলা শনাক্ত হওয়ার পর এটি ডিআর কঙ্গোতে ১৭তম প্রাদুর্ভাব।

ডব্লিউএইচও আরও জানায়, প্রাথমিক পরীক্ষায় সংক্রমণের হার বেশি পাওয়া গেছে এবং আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি বড় আকার ধারণ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ছড়িয়ে পড়া বান্ডিবুগিও প্রজাতির জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই। এর আগে দেশটিতে শনাক্ত হওয়া “জাইর” প্রজাতির বিরুদ্ধে টিকা ব্যবহার করা হলেও নতুন এই প্রজাতি তুলনামূলকভাবে আরও উদ্বেগজনক।

এদিকে উগান্ডার রাজধানী কামপালায় দুইজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্তরা সম্প্রতি ডিআর কঙ্গো সফর শেষে দেশে ফিরেছিলেন এবং পৃথকভাবে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসাতেও একজন রোগীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে, যিনি ইতুরি অঞ্চল থেকে ফিরেছিলেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার, সন্দেহভাজনদের দ্রুত আইসোলেশনে নেওয়া এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিন পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও। একইসঙ্গে আতঙ্ক এড়াতে সীমান্ত বন্ধ বা বাণিজ্যে কঠোর বিধিনিষেধ না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইবোলা ভাইরাস সংক্রমিত ব্যক্তির শরীরের তরল, ব্যবহৃত সামগ্রী এবং মৃতদেহ থেকেও ছড়াতে পারে। এ রোগে জ্বর, ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হতে পারে।