সারাবিশ্ব

জ্বালানি তেলের দাম বাড়ায় কেনিয়াজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:২৭ এএম

জ্বালানি তেলের দাম বাড়ায় কেনিয়াজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে কেনিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। রাজধানী নাইরোবিসহ বিভিন্ন শহরে সংঘর্ষ ও সহিংস ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গণপরিবহন ধর্মঘটকে ঘিরে সোমবার (১৮ মে) দেশটির বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় এবং পুলিশের দিকে পাথর ছোড়ার ঘটনাও ঘটে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন জানিয়েছেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৪৮ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বিক্ষোভের বড় প্রভাব পড়ে নাইরোবি ও মোম্বাসাসহ বড় শহরগুলোতে। গণপরিবহন বন্ধ থাকায় কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেককে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

পরিবহন শ্রমিক সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দ্রুত প্রত্যাহার করতে হবে। গত সপ্তাহে দেশটিতে খুচরা জ্বালানির দাম ২৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। এর আগে আগের মাসেও বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়েছিল।

জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়েছে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সরকারের ভাষ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণেই এই মূল্যবৃদ্ধি করতে হয়েছে। তবে বিরোধী নেতা রিগাথি গাচাগুয়া অভিযোগ করেছেন, সরকার সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

এদিকে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

সূত্র: আল জাজিরা