সারাবিশ্ব
হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সুহেইলা
বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। তার সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে।
গত ২৬ মে অনুষ্ঠিত সমাবর্তনের উদ্বোধনী পর্বে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করা হয়। এ সময় সুহেইলা মুখতার মঞ্চে উঠে পবিত্র কোরআনের সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। তার আবেগঘন ও হৃদয়স্পর্শী তিলাওয়াত অনুষ্ঠানজুড়ে বিশেষভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা জানাতে শুরু করেন নেটিজেনরা। অনেকেই এটিকে ধর্মীয় সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
২০২২ থেকে ২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা সুহেইলা শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছেন। মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ সম্মাননা অর্জন করেন।
চিকিৎসাবিজ্ঞান, সমাজ উন্নয়ন, গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল অগ্রগতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে তার একাধিক গবেষণা ইতোমধ্যে আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
শিক্ষা, গবেষণা, মানবসেবা এবং ধর্মীয় মূল্যবোধ- সব ক্ষেত্রেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সুহেইলা মুখতার বর্তমানে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।