সারাবিশ্ব

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার
ছবি: সংগৃহীত

ইরানে দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের অনুরোধে এই সাধারণ ক্ষমার প্রস্তাব অনুমোদন করেন সর্বোচ্চ নেতা। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন।

তবে নিরাপত্তা-সংক্রান্ত অপরাধে দণ্ডিত বন্দি, বিশেষ করে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাজাপ্রাপ্তদের এই ক্ষমার আওতার বাইরে রাখা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত ডিসেম্বর থেকে দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে ইরানে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।