সারাবিশ্ব
ওমান উপকূলে মার্কিন হামলা, প্রাণ গেল ৩ ভারতীয় নাবিকের
ওমানের উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের জাহাজ চলাচলবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে তিনি জানান, নিখোঁজ থাকা তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ‘সেত্তেবেল্লো’ নামের একটি জাহাজে ‘নির্ভুল হামলা’ চালানো হয়। তাদের অভিযোগ, ইরানি তেল বহনকারী জাহাজটি মার্কিন বাহিনীর নির্দেশনা অনুসরণে ব্যর্থ হয়েছিল।
পালাউর পতাকাবাহী ওই তেল ট্যাঙ্কারটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয়, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।
প্রাথমিকভাবে ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ ছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
এ ঘটনায় কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারত। দেশটির সরকার নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের উপপ্রধান জেসন মিকসকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে ডেকে পাঠানো হয়েছে।