সারাবিশ্ব
টানা তিন বছর কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
টানা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাজপরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
রাজপরিবারের বিবৃতির বরাতে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতার কারণে তার অনিয়মিত হৃদস্পন্দন হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।
রাজপ্রাসাদ জানায়, দীর্ঘদিন চিকিৎসা ও নিবিড় পরিচর্যা চললেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
রাজকুমারী বজ্রকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি নিউইয়র্কে থাইল্যান্ডের জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। পরে দেশে ফিরে ব্যাংককের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কাজ করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২১ সালে তাকে রাজকীয় দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং জেনারেল পদমর্যাদাও প্রদান করা হয়।