সারাবিশ্ব

এফবিআই ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-ঘনিষ্ঠ হ্যাকারদের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

এফবিআই ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-ঘনিষ্ঠ হ্যাকারদের
ছবি: সংগৃহীত

এফবিআইয়ের ড্রোন ব্যবস্থায় অনুপ্রবেশের দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। একই সঙ্গে চলমান ফুটবল বিশ্বকাপকে লক্ষ্য করে হামলার হুমকিও দিয়েছে তারা। শুক্রবার (১২ জুন) কট্টরপন্থি গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘হান্দালা’ নামের গোষ্ঠীটি দাবি করেছে, তারা দীর্ঘ সময় ধরে এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ ড্রোনের মাধ্যমে ধারণ করা ছবি ও সন্দেহভাজনদের তথ্যের ওপর নজরদারি চালিয়ে আসছে। তাদের দাবি অনুযায়ী, এসব ড্রোনে মুখমণ্ডল ও গাড়ির নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হতো, যা সন্ত্রাসবিরোধী অভিযানে কাজে লাগানো হয়।

গোষ্ঠীটি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। তারা ইঙ্গিত দিয়েছে, ড্রোন যেকোনো সময় যেকোনো জায়গায় উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দলগুলো তাদের লক্ষ্যবস্তু হতে পারে।

বিশ্বকাপ চলাকালে অননুমোদিত উড়োজাহাজের ঝুঁকি মোকাবিলায় স্টেডিয়ামগুলোর আশপাশে ড্রোন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে এফবিআই। পাশাপাশি ম্যাচ ভেন্যু ও সংশ্লিষ্ট স্থানের আকাশসীমায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে ইরান-ঘনিষ্ঠ সাইবার হামলার আশঙ্কা নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। হান্দালা গোষ্ঠী কিছু ছবি ও ভিডিও প্রকাশ করলেও সেগুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পর্যবেক্ষণ সংস্থাটি। তাদের মতে, একটি ভিডিও পুরোনো প্রযুক্তি প্রচারণার অংশ হিসেবেও ব্যবহৃত হয়েছিল।

উল্লেখ্য, এর আগেও এই গোষ্ঠীটি এফবিআই পরিচালকের ইমেইল হ্যাকের দাবি করেছিল এবং কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস করেছিল।

এদিকে হান্দালার সদস্যদের শনাক্ত করতে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।