সারাবিশ্ব

বাঞ্জি জাম্পিংয়ের সময় নিরাপত্তা দড়ি বাঁধতেই ভুলে গেলেন কর্মীরা, তরুণীর মর্মান্তিক মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৫৫ এএম

বাঞ্জি জাম্পিংয়ের সময় নিরাপত্তা দড়ি বাঁধতেই ভুলে গেলেন কর্মীরা, তরুণীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

ব্রাজিলে বাঞ্জি জাম্পিংয়ের সময় নিরাপত্তা দড়ি না বাঁধার কারণে প্রায় ৪০ মিটার উচ্চতা থেকে পড়ে ২১ বছর বয়সী এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামরিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নিহত তরুণীর নাম মারিয়া এদুয়ার্দা রদ্রিগেস দে ফ্রেইতাস। শনিবার (১৩ জুন) সকালে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের লিমেইরা শহরের পন্তে দো এসকেলেতো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, মারিয়া সাও পাওলোর জান্দিরা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সম্প্রতি শারীরিক শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থাপনায় স্নাতক সম্পন্ন করেছিলেন।

সামরিক পুলিশের তথ্যমতে, লাফ দেওয়ার আগে তার শরীরে নিরাপত্তা সরঞ্জাম সঠিকভাবে বাঁধা হয়নি। ফলে দড়ি ছাড়া ঝাঁপ দেওয়ায় তিনি সরাসরি নিচে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে জরুরি সেবা ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্টোরিতে একটি পোস্ট দেন মারিয়া। সেখানে তিনি মজা করে লিখেছিলেন, ‘কোন পাগল আমাকে সেতু থেকে লাফ দেওয়ার অনুমতি দিল?’

ভিডিও ফুটেজে দেখা যায়, জাম্পিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা তাকে প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন। তবে লাফ দেওয়ার পরপরই উপস্থিত লোকজন চিৎকার করে বলেন, দড়ি বাঁধা হয়নি।

দুর্ঘটনার পরপরই জড়িত দুই কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বনাঞ্চলে হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।