সারাবিশ্ব
বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল
বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। এ প্রেক্ষাপটে দুই দেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে দেশটি।
ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত ওই সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের প্রতি ইসরায়েলের আস্থা নেই এবং দেশটির কূটনৈতিক অবস্থান সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে কাতারের ভূমিকাও তাদের কাছে প্রশ্নের মুখে রয়েছে।
আজার আরও বলেন, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া গেলেও আরও কিছু তৎপরতা থাকতে পারে, যা এখনো প্রকাশ্যে আসেনি। তার মতে, ৭ অক্টোবরের হামলাকে অন্য গোষ্ঠীগুলোও অনুরূপ অভিযানের মডেল হিসেবে বিবেচনা করতে পারে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সম্ভাব্য কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ পরিস্থিতি সংশ্লিষ্ট দেশগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।
সূত্র: এনডিটিভি সাক্ষাৎকার অবলম্বনে