সারাবিশ্ব

গাজায় ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪০ এএম

গাজায় ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার ক্যামেরাপারসন আহমেদ উইশাহ এবং একজন শিশু রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

আল জাজিরার তথ্য অনুযায়ী, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সংবাদকর্মী আহমেদ উইশাহ নিহত হন। ঘটনাটিকে “জঘন্য অপরাধ” বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি তীব্র নিন্দা জানিয়েছে।

আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও সাংবাদিক সুরক্ষা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক ঘটনার অংশ।

অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এই দাবির সমর্থনে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় গাজায় ১ হাজার ৭ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় আহমেদ উইশাহসহ আরও দুজন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিহত অন্যদেরও হামাসের সদস্য বলে দাবি করেছে আইডিএফ।

এছাড়া গাজার সাবরা এলাকায় রাতভর হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিহতদের স্বজনরা দাবি করেছেন, তাদের পরিবারের সদস্যরা কোনো রাজনৈতিক বা সামরিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না, তারা সাধারণ মানুষ ছিলেন।

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও পৃথক হামলার খবর পাওয়া গেছে।