সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরও এক ভিডিও জার্নালিস্ট নিহত হয়েছেন।
গতকাল শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থলে অবস্থিত আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই ড্রোন হামলা চালায়।
আল জাজিরা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা বলে, নিহত সংবাদকর্মীর নাম আহমেদ উইশাহ। তিনি আল জাজিরায় ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন।
চ্যানেলটির একজন প্রতিবেদক জানায়, বুরেজ শরণার্থী শিবিরে একটি ড্রোন থেকে এই হামলা চালানো হয়, যাতে আহমেদ উইশাহ নিহত হওয়া ছাড়াও আরও বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন।
এর আগে, গত এপ্রিলে আহমেদের ভাই মোহাম্মদ উইশাহ-ও গাড়িতে ভ্রমণের সময় ইসরায়েলি গোলার আঘাতে নিহত হয়েছিলেন।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন, আহমেদ উইশাহ হামাসের একজন সন্ত্রাসী ছিলেন এবং তাকে লক্ষ্য করেই এই নিখুঁত বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে শনিবার গভীর রাতে আইডিএফের পক্ষ থেকে আরও বলা হয়, আহমেদ উইশাহ সাম্প্রতিক বছরগুলোতে আল জাজিরার ফটোসাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি হামাসের সামরিক শাখার একজন 'স্নাইপার অপারেটর' হিসেবে সক্রিয় ছিলেন এবং গাজায় দায়িত্বরত ইসরায়েলি সেনাদের ওপর স্নাইপার হামলার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন।