সারাবিশ্ব

ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের অন্যতম দৃষ্টিনন্দন ইসলামী উপাসনালয় হলো উমর ইবনুল খাত্তাব (রা.) মসজিদ। ব্রাজিলের পারানা অঙ্গরাজ্যের ফোজ দো ইগুয়াসু শহরে অবস্থিত এই মসজিদটি স্থানীয় মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের বিখ্যাত ইগুয়াসু জলপ্রপাতের কাছাকাছি হওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এটি বিশেষ আকর্ষণের স্থান।

১৯৮৩ সালের ২৩ মার্চ উদ্বোধন করা হয় মনোমুগ্ধকর এই মসজিদ। খোলামেলা নকশা ও সাদা রঙের দৃষ্টিনন্দন স্থাপত্যে নির্মিত ভবনটি ইসলামী স্থাপত্যশৈলীর সৌন্দর্য বহন করে। অনেকের মতে, এর নকশায় জেরুজালেমের আল-আকসা মসজিদের স্থাপত্যশৈলীর প্রভাব রয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিশিষ্ট সাহাবি এবং ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামে মসজিদটির নামকরণ করা হয়েছে।

মসজিদের সুউচ্চ দুটি মিনার দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজান এই মিনার থেকেই দেওয়া হয়। আজানের ধ্বনিতে মুসল্লিরা প্রশস্ত মূল নামাজকক্ষে সমবেত হয়ে জামাতে নামাজ আদায় করেন।

মসজিদের ভেতরে প্রায় ৪০০ বর্গমিটার আয়তনের একটি প্রশস্ত নামাজের হল রয়েছে, যা মোট ৬০০ বর্গমিটার নির্মিত এলাকার অংশ। মূল নামাজকক্ষের পেছনের দেয়ালে নান্দনিক নকশায় নির্মিত মিহরাব মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় মুসলমানদের কাছে মসজিদটি আধ্যাত্মিক প্রশান্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। একই সঙ্গে ব্রাজিল ভ্রমণে যাওয়া পর্যটকেরাও ইসলামী স্থাপত্যের এই অনন্য নিদর্শন দেখতে প্রতিদিন ভিড় জমান।