সারাবিশ্ব
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব মেলোনির: ‘আমি মাথা নত করার মানুষ নই’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ট্রাম্পের করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি। মেলোনি বলেছেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রবিরোধী নন, তেমনি কারও সামনে মাথা নত করার মানুষও নন।
গতকাল সোমবার (২৯ জুন) এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রবিরোধী নই। আবার আমি কারও কাছে মাথা নত করেও চলি না। আমি বিশ্বাস করি, পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে আরও শক্তিশালী হয়। সেই লক্ষ্যেই আমি কাজ করছি।’ তিনি আরও বলেন, সুসম্পর্ক বজায় রাখতে স্পষ্টভাবে কথা বলা জরুরি এবং তিনি সবসময় খোলামেলা অবস্থানেই বিশ্বাসী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মেলোনি নাকি তার সঙ্গে ছবি তোলার জন্য খুবই আগ্রহী ছিলেন। ট্রাম্প বলেন, ‘সে আমার সঙ্গে ছবি তুলতে খুবই উদ্গ্রীব ছিল। আমি হয়তো ছবি তুলতাম না, তবে তার জন্য আমার মায়া হয়েছিল।’ তিনি আরও দাবি করেন, মেলোনির সঙ্গে কথা বলতে তিনি বাধ্য ছিলেন না, কিন্তু কথা বলায় ইতালির প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন।
ট্রাম্পের এই মন্তব্য ইতালিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি মন্তব্যটিকে পুরো ইতালির জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেন। প্রতিবাদস্বরূপ তিনি ২১ ও ২২ জুন যুক্তরাষ্ট্র সফরের নির্ধারিত কর্মসূচিও বাতিল করেন।
একই সাক্ষাৎকারে ট্রাম্প ইউরোপের অভিবাসন ও জ্বালানি নীতিরও সমালোচনা করেন। তার দাবি, অভিবাসন সংকট এবং বায়ুশক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ওপর অতিরিক্ত নির্ভরতা ইউরোপের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, দেশটি শান্তি চায় এবং ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই।