সারাবিশ্ব

যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:২১ পিএম

যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি 
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে ইউক্রেনের দেওয়া বিভিন্ন প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া। একই সঙ্গে তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের জন্য গত চার বছরের বেশি সময়ে রাশিয়া অন্তত ১৫ বার সময়সীমা নির্ধারণ করলেও প্রতিবারই সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

গতকাল সোমবার (২৯ জুন) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এসব মন্তব্য করেন। এর মাধ্যমে তিনি একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের জবাব দেন।

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন দাবি করেছিলেন, ইউক্রেন দূরপাল্লার হামলা বন্ধ ও যুদ্ধের তীব্রতা কমানোর একটি প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি কিয়েভের সেনাবাহিনীর ওপর চাপ কমানোর কৌশল মাত্র।

জেলেনস্কি বলেন, পুতিনের বক্তব্য থেকে বোঝা যায়, তিনি রাশিয়ার সাধারণ মানুষের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিচ্ছিন্ন। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট দেখা দিয়েছে এবং মানুষকে পেট্রোলপাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

তিনি বলেন, ‘তেল উৎপাদনকারী দেশ হয়েও রাশিয়া এখন জ্বালানি সংকটে ভুগছে। এটি যুদ্ধের সরাসরি পরিণতি, আর এমন উদাহরণ আরও অনেক রয়েছে।’

জেলেনস্কির দাবি, ইউক্রেন বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না; বরং নির্ভুল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।

তিনি আরও বলেন, রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব এখনও ডনবাস দখলের লক্ষ্যেই অটল। তবে যুদ্ধ বন্ধ না হলে সেই লক্ষ্য পূরণের সময়সীমা আবারও পিছিয়ে যাবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া। শুরুতে রাজধানী কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হলে তারা পূর্বাঞ্চলের ডনবাসে অভিযান জোরদার করে।

বর্তমানে রাশিয়া পুরো লুহানস্ক অঞ্চল এবং দোনেৎস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি অনেকটাই কমে এসেছে। একই সময়ে ইউক্রেনও মাঝারি ও দূরপাল্লার ড্রোন হামলা আরও জোরদার করেছে।

এ মাসের শুরুতে জেলেনস্কি পুতিনকে একটি খোলা চিঠি লিখে মুখোমুখি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। তবে পুতিন যে নতুন যুদ্ধবিরতির প্রস্তাবের কথা বলেছেন, সে বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন একাধিক প্রস্তাব দিয়েছে, কিন্তু রাশিয়া প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে।

রুশ নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা এখনও বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেননি এবং জ্বালানির লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের এখনই ভাবা উচিত সামনে তাদের জন্য কী অপেক্ষা করছে।’