সারাবিশ্ব

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে থাকবেন ১০০ দেশের প্রতিনিধি 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:১৬ এএম

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে থাকবেন ১০০ দেশের প্রতিনিধি 
ছবিঃ সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজায় বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধিরা অংশ নেবেন।   

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

ইসমাইল বাঘেই বলেন, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় ও দাফন অনুষ্ঠান ইরানি জাতি, মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ ঘটনা।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে ইরানে আসছেন।

তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান শুরু হবে এবং দুপুর ১২টা পর্যন্ত চলবে। এতে বিপুলসংখ্যক বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেবেন।

আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: মেহের