সারাবিশ্ব

তেহরানে শেষ শ্রদ্ধায় মানুষের ঢল, খামেনির পাশে ছোট কফিনে নাতনি জাহরা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

তেহরানে শেষ শ্রদ্ধায় মানুষের ঢল, খামেনির পাশে ছোট কফিনে নাতনি জাহরা
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল নেমেছে। শুক্রবার থেকে হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মসজিদ প্রাঙ্গণে খামেনি ও তার স্বজনদের মরদেহ আনার পরপরই ভিড় বাড়তে থাকে। শোকাহত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের শুরুর দিকের হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনির মরদেহের পাশাপাশি তার জামাতা মেসবাহ-ওল-হোদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সাইয়্যেদেহ বশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়গানির মরদেহও সেখানে রাখা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ছোট্ট জাহরা মোহাম্মদি গোলপায়গানির কফিনের সামনে তার একটি ছবিও প্রদর্শন করা হয়, যা উপস্থিত মানুষকে আবেগাপ্লুত করে তোলে। মসজিদ প্রাঙ্গণে রাখা সব কফিনই ইরানের জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে শুরুতেই আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার কয়েকজন ধর্মীয় নেতা উপস্থিত হন। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে এসে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।